১. গিগা বুলেটিন কী—খায় না মাথায় দেয়!
গিগা বুলেটিন বাংলা কবিতার একটি অনলাইন কবিতা ও শিল্প-জার্নাল।
বিস্তারিত সমীক্ষায় বলা যায় গিগা একটি বাংলা কবিতা-র কালেকটিভ প্ল্যার্টফর্ম যা সমকালীন বাংলা কবিতা, মূলত এক্সপেরিমেন্টাল কবিতা, কবিতার নতুন ভাষা ও শিল্প-সাহিত্য, কমিক্স, সঙ্গীত, ভিজ্যুয়াল আর্ট এবং বিভিন্ন মিক্সড মিডিয়াম শিল্পের সমন্বয়ে আপনাকে বিব্রত করতে পারে অথবা জড়িয়ে ধরতে পারে। আমাদের উদ্দেশ্য বাংলা কবিতার সম্ভাবনাকে বিস্তৃত করা, নিজের রক্ত নিরীক্ষণ করা,— অক্ষরবিন্ন্যাসের ডুব থেকে জ্যান্ত শিকার উদ্ধার।
২. গিগা বুলেটিন কি শুধুই কবিতার পত্রিকা?
না। কবিতার শরীরে শুধু কবিতার মাংস থাকে না। এখানে কবিতা উপলক্ষ্য মাত্র; কবিতা তদন্তের আয়না স্বরূপ,—যদিও বাংলা কবিতা এবং চিন্তার পোয়েট্রিক্যাল রিদম্ এক্সপ্লোর করা আমাদের ফোকাস পয়েন্ট, এছাড়া গিগা বুলেটিন একটি বিস্তৃত শিল্প-পরিসর, সিনেমা গান নাচানাচি কাব্য কপচিয়ে আপনাকে চমকে দেওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য। কবিতা ছাড়াও গল্প, কমিক্স, গান, মিউজিক, ভিজ্যুয়াল আর্ট, পেইন্টিং, ফিল্ম, এক্সপেরিমেন্টাল স্ক্রিপ্ট আমাদের গুরুত্বপূর্ণ হাড়গোড়।
৩. বাংলা কবিতায় গিগা বুলেটিন কী ছিঁড়বে?
কাগজের আঁটি অথবা পিক্সেলের শাদা ছিবড়েটুকু;—গিগা বুলেটিন বাংলা কবিতাকে প্রকাশ করার উপরন্তু কবিতার নতুন সম্ভাবনা, ভাষা এবং নির্মাণভঙ্গিমার শিরা-উপশিরা বুনন করে, প্রধানত খুঁজে আনে অর্গানিক কালো কবিতা যা প্রচলিত কাঠামোকে অতিক্রম করে তীব্র ড্রাগের মতো ছড়িয়ে পড়তে পারে উত্তরিত শরীরী সুস্থতায়—এখানে কবিতাই জন্ম, চেতনার শব্দ বিলাসিতা।
৪. গিগা বুলেটিনে কী ধরনের কবিতা প্রকাশিত হয়?
যা কিছু কবিতায় নিজেকে আঘাত করে, আধুনিক, উত্তর-আধুনিক, নিরীক্ষামূলক, ভিজ্যুয়াল, গদ্য, দীর্ঘ, ক্ষুদ্র, অনু, টেক্সট—সব ধরনের বাংলা কবিতার জন্য অলওয়েজ ওয়েলকাম। যে কবিতা যা আপাত আপনার প্রতিফলন, ইমেইল মারফত আমাদের সরাসরি পাঠিয়ে দিন, আর ছন্দ নিয়ে এই বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন, ছন্দ অর্থাৎ দাঁড়িপাল্লার শব্দ মেপে কবিতা, কবিতাকেই বিরোধিতা করে, নিজেকে উদার করে লিখুন ভালোবেসে লিখুন, আমরা ভালোবাসি তাই এই কবিতার জন্ম।
৫. গিগা বুলেটিনের লক্ষ্য কী?
লঙটার্ম কিংবা শর্টটার্ম—বাংলা শিল্পচেতনার কবিতার শ্রেষ্ঠ ও তেজস্ক্রিয় বারুদগুলোকে একত্রিত করা, এবং প্রধানত বাংলা ভাষায় একটি আন্তর্জাতিক সাহিত্য-শিল্প আর্কাইভ তৈরি করা। বিশ্বের শ্রেষ্ঠ কবি লেখকের অনুবাদ মূলত জড়ো করে বাংলা ভাষার পাঠকের মুখে শব্দের জল পৌছে দেওয়া, আপনার একান্ত সহযোগিতা আমাদের চেষ্টায় আলো ছড়াবে।
৬. গিগা বুলেটিনে প্রকাশিত হওয়া কেন গুরুত্বপূর্ণ?
কবিতায় যে বিস্তৃতি, আপনি যে আলোয় কবিতাকে দেখছেন, তার ওপর নির্ভর করছে কোন স্পেসে কবিতার প্রকাশ নিয়ে ভাবছেন!
কাগজের অফুরান প্রকাশ জৈবিক কবিতাকে নিয়মিত ক্ষতিগ্রস্ত করছে, ভঙ্গুর হয়েছে কাগজ, গিগা বুলেটিনের সংগ্রহ এই কারনেই আমাদের কছে গুরুত্বপূর্ণ, ইন্টারনেট মারফত ভয়াবহ শব্দ শিল্পকে হাতের মুঠোয় দেখে নেওয়ার চূড়ান্ত পড়ে ফ্যালবার বিস্তৃতি। অভ্যন্তরীন সুখ ও যন্ত্রণার মিতব্যয়ী শব্দ আরোপে লাল মৃত্যুর হরফ খোদাই, এখানেই আপনার শিল্প চুড়ান্ত নগ্ন, অলংকারহীন অথচ সশস্ত্র, এই শাদা পুঁজের ফুলে ওঠা পৃথিবীটাকে গুরুত্ব আরোপ করুন। গিগা বুলেটিন আরও ক্ষুধা নিয়ে ছুটে যাক সোনালি রঙ ও শব্দের বাগানে।